উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক কথাবার্তা জামায়াতের গণজোয়ারকে দমাতে পারবে না — ভিপি বাহাদুর

- আপডেট সময় ০৯:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে

কক্সবাজার শহর জামায়াতে ইসলামী’র নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা মঙ্গলবার, ৪ নভেম্বর সন্ধ্যায় শহর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জননেতা দেলোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক মাওলানা আবদুর রশিদ এবং পরিচালনা করেন শহর জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদ উল্লাহ।
ভিপি বাহাদুর তাঁর বক্তব্যে বলেন,
“উদ্দেশ্য প্রণোদিত বিচ্ছিন্ন কথাবার্তা ও গুজব জামায়াতের গণজোয়ারকে দমাতে পারবে না। জনগণ এখন পরিবর্তনের অপেক্ষায়। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করেই কক্সবাজার শহরকে শান্তি, উন্নয়ন ও ন্যায়ের পথে এগিয়ে নিতে হবে।”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। জনসমর্থনের স্রোত এখন জামায়াতের পক্ষে প্রবল হচ্ছে। এই গণজোয়ার ঠেকানো যাবে না।”
সভায় অন্যান্য নেতারা বলেন, কক্সবাজার শহরের প্রতিটি ওয়ার্ডে জামায়াতের প্রার্থীর পক্ষে যে গণসংযোগ ও উৎসাহ দেখা যাচ্ছে, তা আসন্ন নির্বাচনের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়াও সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, ১০ নং ওয়ার্ড আমীর আবদুল জাব্বার, ১২নং ওয়ার্ড আমীর আবদুল মালেক নূরী, শ্রমিক নেতা এমইউ বাহাদুর সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।















