সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলে আটক

- আপডেট সময় ০৬:২৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ১৫৭ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ থাই জালসহ ১৯ জন জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ হাজার টাকার মূল্যের ১ হাজার ২০০ মিটার থাই জাল উদ্ধার এবং ১৯ জন জেলেকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।






















