উখিয়ার শীলখালীতে সিএনজি করে ইয়াবা পাচারের সময় বিজিবির হাতে ১০,০০০ ইয়াবাসহ চালক আটক

- আপডেট সময় ১২:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১৯৭ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে সিএনজি করে ইয়াবা পাচারের সময় ১০,০০০ পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে ৬৪ বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অভিযান পরিচালনা করে উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শফিক (২৩)। তিনি টেকনাফ থানাধীন পুরান পল্লানপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি সিএনজি শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে বিজিবির সদস্যরা তল্লাশি শুরু করেন। এসময় চালকের সিটের নিচ থেকে একটি ‘এক কাট’—অর্থাৎ ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক শফিককে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক জানান, তিনি সাবরাং, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে ৩০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
লে. কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, “মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। আটককৃত আসামি, উদ্ধার করা ইয়াবা এবং জব্দকৃত সিএনজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে পরিচালিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব অভিযানে টেকনাফ–উখিয়া অঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
























