টেকনাফে এসআরবি’র অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

- আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ এর ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া মধ্যম হ্নীলা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শরীফ(৪০)’কে গ্রেফতার করেছে এসআরবি-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প।
গত ০৮ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় এসআরবি-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের মধ্যম হ্নীলা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ শরীফ(৪০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ শরীফ(৪০) মধ্যম হ্নীলা, ৫নং ওয়ার্ড, হোয়াইকং ইউনিয়নের টেকনাফ থানাধীন মকবুল আহমদ এর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৬ বছর পূর্বে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত আসামি মোঃ শরীফ(৪০)’কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীরা যেখানেই আত্মগোপন করুক না কেন, তাদের গ্রেফতার করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে এসআরবি-১৫ কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















