জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে

- আপডেট সময় ০৯:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / ২৮৭ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় শ্রমিক প্রতিনিধিদের সাথে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে কোর্টবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিসের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের সভাপতি রিদুওয়ানুল হক জিশান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন এম এ সাত্তার আজাদ। পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে ওয়ার্ড ও ইউনিয়নভিত্তিক সংগঠিত ও পরিকল্পিত কার্যক্রম জোরদার করতে হবে। কেন্দ্রভিত্তিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।”

তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। অথচ দীর্ঘদিন ধরে শ্রমিকরা ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিরাপত্তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মানজনক জীবন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।” শ্রমিকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি শোষণমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষ আনোয়ারী আরও বলেন, নির্বাচনী মাঠে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সাথে ব্যাপক প্রচার ও গণসংযোগ বাড়াতে হবে। ধৈর্য, বিচক্ষণতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক এবং অফিস ও পরিকল্পনা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে শ্রমিকদের অধিকার আদায় ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।




















