ডাকসু’র চতুর্থ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৯:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ৩২৭ বার পড়া হয়েছে
সভায় উপস্থিত সকলের সর্বসম্মত্তিক্রমে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ হলো-
ছাত্রদলের সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ, শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।পাশাপাশি জড়িত সন্ত্রাসীদেরকে হল ও একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়।
আগামী সপ্তাহে রুট প্রাইয়োরিটির ভিত্তিতে শনিবারের বাস সার্ভিস চালু করা। শাটল বাস সার্ভিস নিয়ে যে অভিযোগ, তা সমাধান করা। ডাকসুর উদ্যোগে আগামী মাসেই নতুন অত্যাধুনিক একটি বাস সেবা চালু করা। যারা এখনো অবৈধভাবে হলে অবস্থান করছেন তাদের হল ত্যাগের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। কোন হলে কতজন রয়েছেন সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ কর্তৃক তাদের তালিকা প্রস্তুত করা।
হলে সিট প্রদানের ক্ষেত্রে কাকে কোন কারণে সিট প্রদান করা হলো সেটা উল্লেখ করা। অর্থাৎ সিট প্রণয়নের স্বচ্ছতা ও নীতিমালা প্রস্তুত করার অগ্রগতি জানতে চাওয়া হয়।
ডাকসুর পক্ষ থেকে প্রত্যেক হলে কম্পিউটার ল্যাব স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং ল্যাব পর্যবেক্ষণের জন্য প্রতি হলে একজন কম্পিউটার অপারেটর নিয়োগের প্রস্তাব করা হয়। উপাচার্য মহোদয় তা আগ্রহের সাথে গ্রহণ করেছেন। একইসাথে টিচার্স এসিস্ট্যান্টশীপ ও রিসার্চ এসিস্ট্যান্টশীপ চালু করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়৷ উচ্চশিক্ষা সংক্রান্ত ভেরিফিকেশন ফি কমানোর প্রস্তাবটি ডিন’স কমিটিতে পাশ হয়ে এফসি সিন্ডিকেটের অপেক্ষমাণ রয়েছে বলে উপাচার্য অবগত করেন।
হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে, উপাচার্য মহোদয় দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। সেন্ট্রাল লাইব্রেরির সামনে নিরাপত্তা জোরদার করতে একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণে বিশ্ববিদ্যালয়কে প্রস্তাবনা দেওয়া হয়েছে।
রিকশা নিয়ন্ত্রণে ক্যাম্পাসে প্রবেশের গেটগুলোতে বিশ্ববিদ্যালয়ের জনবল রাখার ব্যবস্থা করা এবং বহিরাগত নিয়ন্ত্রণে প্রবেশ দ্বার গুলোতে অটোমেশন বা ডিজিটাল গেট স্থাপনের ব্যাপারে প্রস্তাবণা দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় প্রস্তাবনাটি আগ্রহের সাথে গ্রহণ করেছেন।
জুলাইয়ে হামলাকারী ছাত্রলীগ ও স্বৈরাচারের দোসর শিক্ষকদের ব্যাপারে শাস্তি নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে উপাচার্য মহোদয় সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবায়নে নির্দেশনা দিয়েছেন।
সেন্ট্রাল লাইব্রেরির এসি গুলোর নিয়মিত রক্ষানাবেক্ষনের ব্যবস্থা করা, কলাভবনে লিফট সংখ্যা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ লিফট দ্রুত সংস্কারের ব্যবস্থা করা, কার্জন হলে ফটোকপির ব্যবস্থা করা, কার্জন হল ও মোকারম ভবনে সুপেয় পানির ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা হয়েছে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি ও সিট নীতিমালার অগ্রগতি এবং একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন যুক্ত করার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে ভিসি মহোদয় উদ্যোগ নেওয়ার ব্যাপারে জানিয়েছেন।
অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিজ নিজ হলে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং আন্তঃহল প্রবেশের সুযোগ বৃদ্ধি করা, প্রায় ৩ বছর বন্ধ থাকা ই-লাইব্রেরি পুনরায় চালু করা, সেন্ট্রাল মসজিদের এসির বৈদ্যুতিক সংযোগ দ্রুততম সময়ে সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়েছে।
আগামী মাসেই নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম উদ্বোধন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি বিভাগের রুমগুলোতে ব্রেইল সাইন লাগানো এবং লিফটগুলোতে টকিং সাউন্ড চালু রাখার ব্যবস্থা করার ব্যাপাটে উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতিত্ব করেন। ডাকসুর জিএস এস এম ফরহাদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ও ট্রেজাজার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন।

















