কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের তিন দিনব্যাপী সুধী সমাবেশ ও কর্মশালা

- আপডেট সময় ০৮:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ২২৬ বার পড়া হয়েছে
গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় পেশাগত উৎকর্ষ, জ্ঞানচর্চা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ব্যতিক্রমধর্মী কর্মশালা ও সুধী সমাবেশ। কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন সাংবাদিক।
আগামী ২ থেকে ৪ জুলাই অনুষ্ঠিতব্য এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সাংবাদিক মহলে উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ নয়, বরং সমসাময়িক সাংবাদিকতা, গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশন এবং পেশাগত নৈতিকতা নিয়ে গভীরতর আলোচনা হবে এ কর্মশালায়।
কর্মসূচির প্রথম দিনে কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে অংশগ্রহণকারী সাংবাদিকদের পরিচিতি ও ওরিয়েন্টেশন পর্ব। এ সময় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের চলমান প্রেক্ষাপট, সাংবাদিকতার বিবর্তন এবং সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।
দ্বিতীয় দিনের মূল কর্মশালায় প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ, জবাবদিহিতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশিক্ষণ প্রদান করবেন দেশের খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদরা। এছাড়াও সংবাদপত্র শিল্পের অন্তরালের বাস্তবতা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ সেশন।
কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ড. এনামেত করিম, ডেইলি বাংলাদেশের সম্পাদক শাহিদুর রহমান শাহিদসহ দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা।
তৃতীয় ও সমাপনী দিনে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ, অভিজ্ঞতা বিনিময় এবং স্মৃতিচারণ পর্ব। এ সময় অংশগ্রহণকারীরা সাংবাদিকতার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সাংবাদিকতার উৎকর্ষ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চার ক্ষেত্রে এই তিন দিনব্যাপী কর্মশালা ও সুধী সমাবেশ একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
















