চকরিয়ার বদরখালীতে চলাচলের রাস্তা বন্ধ, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

- আপডেট সময় ১২:১৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন একটি পরিবারের সদস্যরা।
অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিবারটির চলাচলের জন্য ব্যবহৃত প্রায় ছয় ফুট প্রশস্ত একটি উন্মুক্ত রাস্তা স্থানীয় কয়েকজন আত্মীয় জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্টরা বিভিন্ন আদালতের রায় ও সিদ্ধান্ত এবং স্থানীয়ভাবে দেওয়া নিষ্পত্তি উপেক্ষা করে রাতের আঁধারে ইটের দেয়াল নির্মাণ করেন এবং অন্য পাশে বড় একটি পুকুর খনন করে চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন।
ভুক্তভোগীদের দাবি, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ অন্যান্য সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে তাদের পক্ষে সিদ্ধান্ত দিলেও তা মানা হয়নি।
এছাড়া যে স্থানে রাস্তা দেওয়ার কথা ছিল, সেটি না দিয়ে অন্যত্র অর্থের বিনিময়ে রাস্তার ব্যবস্থা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, সম্প্রতি ওই পরিবারের দুই ভাইকে ১ ও ২ নম্বর আসামি করে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
একই সঙ্গে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
















