হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশের হেনস্তার নিন্দা, দোষীদের বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের

- আপডেট সময় ১০:১৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ১৪৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ দলের জ্যেষ্ঠ নেতাদের পুলিশ কর্তৃক বাধা ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, গত ২৮ জুলাই ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়।
তিনি বলেন, ওই ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে ১৪৪ ধারা জারি করে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ জ্যেষ্ঠ নেতাদের পুলিশ বাধা দেয় এবং হেনস্তা করে। এ ধরনের পদক্ষেপকে তিনি গণতান্ত্রিক অধিকার হরণের শামিল বলে উল্লেখ করেন।
বিবৃতিতে ড. হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে হামলা বা বাধা প্রদান গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তিনি হবিগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নাগরিকদের মৌলিক অধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

















