মহেশখালী-চকরিয়ার বনাঞ্চলে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে কক্সবাজারে বাপার বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় ০৭:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৪৪ বার পড়া হয়েছে
ইসিএ (Ecologically Critical Area) আইন বাতিলের ষড়যন্ত্র বন্ধ এবং মহেশখালী ও চকরিয়ার বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় কক্সবাজার পৌরসভা চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) দেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসিএ আইন দুর্বল বা বাতিলের যেকোনো উদ্যোগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। একই সঙ্গে মহেশখালী ও চকরিয়ার বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে বন উজাড়, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।
বক্তারা আরও বলেন, উন্নয়নের নামে পরিবেশ ও বন ধ্বংসের কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বনাঞ্চল সংরক্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে পরিবেশবাদী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা ইসিএ আইন বহাল রাখা এবং বনাঞ্চলের ভেতর দিয়ে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

















