ডাকাতির ঘটনায় আইনজীবীদের নিয়ে মন্তব্য: কক্সবাজার পুলিশ সুপারের বক্তব্যে জেলা আইনজীবী সমিতির উদ্বেগ

- আপডেট সময় ১০:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
ডাকাতির ঘটনায় আইনজীবীদের নিয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপারের গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে গভীর উদ্বেগ, নিন্দা ও হতাশা প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পদে থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতিপক্ষ করে আপত্তিকর বক্তব্য দেওয়ায় আইনজীবী সমাজের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে ডাকাতের কাছে আইনজীবীর নাম থাকা নিয়ে কটাক্ষ করা হয়েছে, যা আইনজীবী সমাজকে হেয় করার শামিল বলে দাবি করেছে সমিতি।

সমিতির পক্ষ থেকে বলা হয়, দেশের যেকোনো নাগরিকের আইনগত সহায়তা পাওয়ার জন্য আইনজীবীর শরণাপন্ন হওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তির কাছে আইনজীবীর নাম বা যোগাযোগের তথ্য থাকাকে কেন্দ্র করে আইনজীবী সমাজকে প্রশ্নবিদ্ধ করা সমীচীন নয়।
বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশ সুপারের বক্তব্যের বিষয়ে জেলা জজ মহোদয়কে অবহিত করার পাশাপাশি পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি না হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর মন্তব্য থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।



















