চকরিয়ায় অপহরণের পর ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার

- আপডেট সময় ০৩:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে অপহরণের কয়েক ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১২টার দিকে কাকারা সাবের সওদাগরের দোকানের সামনে থেকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে জিসানকে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের প্রায় চার ঘণ্টা পর মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের দাবি, জিসানকে অপহরণের পর চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হত্যার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















