শহরের ছাত্তার গোনায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

- আপডেট সময় ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. হোছন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাত্রীকালীন মোবাইল থ্রি ডিউটিতে থাকা এসআই মিঠুন পালিত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পাহাড়তলী এলাকায় কয়েকজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়েছে। পরে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে মো. হোছনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার হোছনের হেফাজত ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. হোছন কক্সবাজার সদর উপজেলার মাটিয়াতলী সড়ক এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।









