কক্সবাজারে সদর থানার বিশেষ অভিযানে ২৫ গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর গ্যাং সদস্য

- আপডেট সময় ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আরও ১৭ জন কিশোর গ্যাং সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে ৪ জন চোর/ছিনতাইকারী, ৭ জন মাদকসেবী, ৭ জন ধর্তব্য অপরাধের আসামি, ৬ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামি রয়েছেন।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন—মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), কায়সার আলম রিয়াদ (২৩), মো. তৌহিদুল ইসলাম (২৬) ও লোকমান হাকিম ওরফে হাকিম (৩৫)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি, অপহরণ, মাদকসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে আরিফুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
এ ছাড়া মাদকসেবী হিসেবে ৭ জন, ধর্তব্য অপরাধে ৭ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলার একজন আসামিকেও এ অভিযানে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, চোর-ছিনতাইকারীসহ অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















