কক্সবাজারে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

- আপডেট সময় ০৭:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারী জাহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি সামাজিক ব্যাধি। মনুষ্য সৃষ্ট কারণে ডেঙ্গুর উপদ্রব। আমাদের বাসা-বাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল আঙ্গিনা ইত্যাদিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানি, ডাবের কুশার উপর পানি, পলিথিনে জমে থাকা পানির কারণেই ডেঙ্গুর উপদ্রব বাড়ে। এটি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে পারি। দল, মত, নির্বিশেষে প্রত্যেকের উচিত ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখা ও সচেতন থাকা।

কক্সবাজার শহরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫ অক্টোবর ২০২৬, সোমবার বিকেলে শহরের বিভিন্ন রাস্তা, অলিগলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর। এ সময় শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত কর্মসূচি শেষে পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে উপর্যুক্ত সচেতনতামূলক কথাগুলো বলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।

কক্সবাজার শহর জামাতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল এর নেতৃত্বে উক্ত মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা জামায়াতের অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোঃ মহসিন সহ শহর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

কার্যক্রমে অংশ নেওয়া নেতাকর্মীরা ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।
















