মালদ্বীপে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যে স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

- আপডেট সময় ০৪:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
ভাগ্য বদলাতে ধারদেনা করে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার আব্দুল গাফফার (৪২)। কিন্তু নতুন কর্মজীবন শুরু করার আগেই শেষ হয়েছে তাঁর জীবন। মালদ্বীপে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়লে স্ট্রোকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
আব্দুল গাফফারের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার কেত্রাহাট এলাকায়। তাঁর বাবার নাম মো. আবু বক্কর মণ্ডল। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে পৌঁছে রাতে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে উঠে বুকে ব্যথা অনুভব করেন গাফফার। তবে কক্ষে থাকা অন্যদের আশ্বস্ত করে তিনি আবার ঘুমিয়ে পড়েন। পরদিন ৭ অক্টোবর সকাল ৬টার দিকে কক্ষে থাকা ব্যক্তিরা তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তাঁরা বিষয়টি বাড়ির মালিককে জানান।
এরপর পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে মালদ্বীপে পৌঁছানোর পর অল্প সময়ের মধ্যেই এমন ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গাফফারের নিকটাত্মীয় মো. আল আমিন জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে মালদ্বীপে গিয়েছিলেন তিনি। কিন্তু উপার্জন শুরু করার আগেই তাঁর মৃত্যুতে পরিবারটি গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এদিকে, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করতে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে হাইকমিশন।



















