বদরখালীতে বালু সিন্ডিকেট: সাংবাদিক হেনস্থ, ভাংচুর ও অপহরণ ৩

- আপডেট সময় ০১:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে অবৈধ বালু উত্তোলন ও দখলদার সিন্ডিকেটের তাণ্ডব বেপরোয়া রূপ নিয়েছে। পরিবেশ ধ্বংস ও সাংবাদিক লাঞ্ছনার পর এবার রাতের আঁধারে নিরীহ মানুষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা।
গত ৫ অক্টোবর রাতে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ায় এ তাণ্ডব চালানো হয়। অভিযোগ উঠেছে, কুখ্যাত বালু ব্যবসায়ী কালু ড্রাইভারের নেতৃত্বে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী সাধারণ শেয়ারদারদের উচ্ছেদ করতে ৫ নম্বর লটারির বরাদ্দকৃত ঘোনায় হামলা চালায়। সন্ত্রাসী দল একাধিক ঘরবাড়ি ভাঙচুর করে এবং ৩ জন শেয়ারদারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান মেলেনি, যা পরিবার ও এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর অবৈধ বালু ব্যবসা, ভূমি দখল ও পরিবেশ দূষণ নিয়ে সংবাদ প্রকাশ করায় সিনিয়র সাংবাদিক এটিএম আমিরুল গনি খোকনের ওপর হামলা চালায় কালু ড্রাইভার ও তার সহযোগীরা। তাঁকে প্রকাশ্যে লাঞ্ছিত, প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়।
অনুসন্ধানে জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাতডালিয়া পাড়ার প্রায় ৫ হাজার সদস্যের জমি দখল করে ড্রেজার ও এক্সক্যাভেটর দিয়ে অবৈধ বালুর সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক বিকট শব্দ ও বালু পরিবহনের কারণে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকার পরিবেশ চরমভাবে বিপর্যস্ত।
ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা, ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও মানববন্ধন করলেও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অপহৃতদের উদ্ধার, কালু ড্রাইভারসহ অপরাধীদের গ্রেপ্তার এবং অবৈধ বালু মহাল বন্ধ করতে হবে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও বড় ধরনের জনরোষের বিস্ফোরণ ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।



















