মহেশখালী উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে জেলা আমীর আনোয়ারী
স্থানীয় সরকার নির্বাচনে জনরায় ছিনিয়ে নিলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে

- আপডেট সময় ০৯:২১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জনগণের ইচ্ছা, অভিপ্রায় ও রায়’ই রাষ্ট্র পরিচালনার ভিত্তি। জনমতের বিপরীত সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনার কোনো নৈতিক অধিকার সরকারের থাকে না। বিগত ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংস্কারের পক্ষে দেশের সত্তর ভাগ মানুষ রায় দিয়েছিল। সরকার জনগনের সেই রায় বাস্তবায়ন না করে জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার জোরে দেশ পরিচালনা করছে। যার পরিণতি কখনো শুভ হবে না। অতীতও স্বৈরাচাররা জনগণের রায় উপেক্ষা করে দেশ শাসন করেছিল, কিন্তু শেষমেশ জনগণ তাদের কে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশে নতুন স্বৈরাচার তৈরি হোক আমরা তা চাই না। তাই সরকার কে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি।
৭ নভেম্বর মহেশখালী উপজেলা উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা দক্ষিণ ও উত্তর আমীর যথাক্রমে মাস্টার শামীম ইকবাল ও মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান। উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও মাস্টার বশির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা আমীর আনোয়ারী আরো বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাবমুক্ত হতে হবে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার ব্যর্থ হলে উদ্ভুত যে কোন পরিস্থিতির দায় সরকার কে বহন করতে হবে। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করে দেশ পরিচালনা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বারের আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার আক্তার হোসাইন, পৌরসভার সভাপতি কাজী মোতাহের হোসেন, মাস্টার আক্তার কামাল, এডভোকেট রহিম উল্লাহ, আলমগীর সাঈদ সহ নেতৃবৃন্দ।



















