প্রাইভেটকার ফেলে পালাল চালক, ফিশারিঘাটে মিলল এক লাখ ইয়াবা

- আপডেট সময় ০৮:৩৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৩৬৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশি ধাওয়া খেয়ে এক প্রাইভেটকারচালক গাড়ি ফেলে পালিয়ে গেছে। পরে ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লাখ পিস ইয়াবা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সন্দেহজনকভাবে প্রাইভেটকারটি ফিশারিঘাট এলাকায় প্রবেশ করলে থামার নির্দেশ দেওয়া হয়। এসময় চালক গতিরোধ এড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে চালক দ্রুত গাড়ি ফেলে অন্ধকার গলির দিকে পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ভেতর থেকে ১০টি বড় প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ হাজার করে মোট আনুমানিক এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, চোরাকারবারিরা কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশ করছিল।
ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং পলাতক চালকসহ সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে। কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।























