কক্সবাজার বিজিবি’র ডগের নৈপুণ্যে রোহিঙ্গা আসামীসহ ২ হাজার ইয়াবা ও ইজিবাইক আটক

- আপডেট সময় ১২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৩৭ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দক্ষ তল্লাশিদলের ডগ স্কোয়াডের নৈপুণ্যে ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইলসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) কক্সবাজারের উখিয়া থানাধীন এলাকায় মাদক পাচারের গোপন সংবাদে ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময় পাচারে ব্যবহৃত ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালালে ডগ স্কোয়াডের মাধ্যমে লুকিয়ে রাখা ২,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রোহিঙ্গার নাম— মো. তাহের (১৮), পিতা-মৃত. বদিউর রহমান। তিনি উখিয়ার কুতুপালং ০২ নং ক্যাম্পের ব্লক-ডি-০৯ এর বাসিন্দা।
অভিযানে একটি ইজিবাইক এবং একটি বাটন মোবাইল (NOKIA TA-1174) জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
আটককৃত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















