উখিয়ায় বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ১২:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৩২ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে আনুমানিক দুই কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বিআরএম-১৮ থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভেতরে উখিয়ার শুকুরের কাটি ক্যারেঙ্গাঘোনা এলাকায় বিশেষ টহল দল অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুইজন ব্যক্তি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে টহল দল তাদের দিকে অগ্রসর হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে বাদামি রঙের একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতরে খাকি স্কচটেপে মোড়ানো বায়ুরোধী ৮টি কাটে মোট ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এলাকাটিতে আরও তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কোনো মালামাল পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটক করতে বিজিবি চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।




















