দুর্নীতি দূর করে দক্ষ নাগরিক তৈরি করে বেকারমুক্ত কক্সবাজার গড়তে চাই: শহিদুল আলম বাহাদুর

- আপডেট সময় ০৯:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের সদর উপজেলার চৌফলদন্ডীতে অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভায় স্বচ্ছ প্রশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ব্যাপক গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর)।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় চৌফলদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামারপাড়ায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—“দুর্নীতি দূর করা গেলে, দূর হবে আমাদের দুঃখও। দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়, মানুষের অধিকার ক্ষুণ্ন হয় এবং সমাজ পিছিয়ে পড়ে।”
তিনি আরও বলেন, কক্সবাজারের অন্যান্য এলাকার মতো চৌফলদন্ডীও অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। লবণ উৎপাদন, মাছ ও কৃষিখাতে এ ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এসব খাতকে আরও শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
শহিদুল আলম বাহাদুর বলেন—“আমি প্রতিশ্রুতির রাজনীতি করি না, কাজের রাজনীতি করি। কক্সবাজারে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। জনগণের করের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হবে।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি—প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় জনগণ তার বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা এলে এলাকাবাসীর জীবনমান আরও উন্নত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কক্সবাজার সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, কক্সবাজার শহর জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল হুদা, চৌফলদন্ডী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাইহান উদ্দিন।
চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মনজুর আলম, এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী চৌফলদন্ডীর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম।
আলোচনা সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থনের ঢেউ তুলে উপস্থিত জনতা প্রার্থীকে শুভ কামনা জানান।
সভা শেষে আগামী দিনের উন্নয়ন ও জনসেবামূলক পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও অঙ্গীকার তুলে ধরা হয়।




















