কক্সবাজার শহর জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত
জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রেণি ও পেশার মানুষ কে ভূমিকা পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান

- আপডেট সময় ০৪:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ৩৩৯ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশকে জন–আকাঙ্ক্ষার ভিত্তিতে বিনির্মাণে জামায়াতে ইসলামী দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “সংস্কার, বিচার ও বিশ্বাসযোগ্য নির্বাচন—এটাই আজ দেশবাসীর মূল আকাঙ্ক্ষা।” কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক রাজনৈতিক দল নিজেদের স্বার্থের বাইরে যেতে না পারায় এখনো রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে; লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও যথাযথ গণভোটের দাবি জানাতে হচ্ছে।
রবিবার (২৩ নভেম্বর) রাতে শহরের একটি সম্মেলন কক্ষে শহর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশে শহীদদের রক্তের প্রতি সুবিচার করতে বদ্ধপরিকর। তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।” তিনি দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষকে মানবাধিকার, সামাজিক সুবিচার ও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নতুন কাঠামোয় দেশ পরিচালনা, তরুণ প্রজন্মকে দেশপ্রেম–সততা–নৈতিকতার মুল্যবোধে গড়ে তোলা, বেকারত্ব–দারিদ্র্যতা–বৈষম্য দূর করার ঘোষণা দেন তিনি। সব শ্রেণি–পেশার মানুষকে নতুন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, পরিচালনা করেন সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার–৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল।
এ ছাড়া বক্তব্য দেন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নূরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি দরবেশ আলী মুহাম্মদ আরমান, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ, কামরুল হাসান, জাহিদুল ইসলাম নোমানসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি–পেশার সুধিজন।




















