উখিয়ার হাতিমোড়ায় গণসংযোগ ও মহিলা সমাবেশে অধ্যক্ষ আনোয়ারী
অতীতের বিভেদ ভুলে ঐক্যের শক্তিতে একত্রিত উখিয়া-টেকনাফকে নিরাপদ জনপদে রূপান্তর করা সম্ভব

- আপডেট সময় ১০:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১৯২ বার পড়া হয়েছে
উখিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাতিমোড়া এলাকায় মাওলানা হারুন রশিদের সভাপতিত্বে বিশাল গণসংযোগ ও মহিলা জামায়াতের উদ্যোগে হাতিমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই ওয়ার্ডজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় দাওয়াতী পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। গণসংযোগে তিনি উখিয়া–টেকনাফের সার্বিক উন্নয়ন, শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গঠন এবং ধর্ম-বর্ণ-নির্বিশেষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “অতীতের বিভেদ ও সংঘাত ভুলে সবাই যদি ঐক্যের শক্তিতে একত্রিত হতে পারে, তবে এই অঞ্চলকে নিরাপদ, ন্যায়ভিত্তিক ও আধুনিক জনপদে রূপান্তর করা সম্ভব।”
জনগণের জীবন–সম্পদের সুরক্ষা, অপরাধমুক্ত পরিবেশ সৃষ্টি, শিক্ষা–স্বাস্থ্যে সমতা এবং উন্নয়ন সুবিধার ন্যায্য বণ্টন তাঁর অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি। দাঁড়িপাল্লা প্রতীককে ন্যায়ের অগ্রযাত্রার প্রতীক হিসেবে তুলে ধরে প্রতীকটির বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অধ্যক্ষ আনোয়ারী।
গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের অফিস সম্পাদক মুহাম্মদ শাহাজান, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, রাজাপালং ইউনিয়ন আমীর রুহুল আমিন, অ্যাড. অলি উল্লাহ, সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতা–কর্মী।




















