ব্যানার–ফেস্টুন অপসারণ করতে নেতাকর্মীদের অনুরোধ জানালেন কক্সবাজার-৩ আসনের প্রার্থী ভিপি বাহাদুর

- আপডেট সময় ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৫৮১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এক বিবৃতিতে বলেন—নির্বাচন কমিশনের ঘোষিত আইন অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রকার তোরণ, বিলবোর্ড, ফেস্টুন, লাইটিংসহ প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে। আইনকে সম্মান জানিয়ে তিনি নিজ উদ্যোগে ইতোমধ্যে সকল প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।
আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচারসামগ্রী সরাতে কর্মীদের নির্দেশ দিলেন জামায়াত আমীর
তিনি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আইনের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা আছে। তাই আমার প্রচারণায় ব্যবহৃত দাঁড়িপাল্লার পোস্টার-ব্যানারসহ সকল সামগ্রী অপসারণ করছি। পাশাপাশি আপনাদেরকেও অনুরোধ করছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের উদ্যোগে দাঁড়িপাল্লার সকল প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে।”
প্রার্থী আরও বলেন—দাঁড়িপাল্লা প্রতীক এখন মানুষের হৃদয়ের প্রতীক। দেয়ালে পোস্টার না থাকলেও মানুষের মন থেকে প্রতীকটি মুছে যাবে না। কারণ দেশের মানুষ ইতিমধ্যে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে দাঁড়িপাল্লাকে বেছে নিয়েছে।
তিনি কক্সবাজার সদর-রামু-ঈদগাঁওয়ের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের মূল্যবান ভোট আমানতটি ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে দিন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে আপনাদের সমর্থনই আমাদের শক্তি।”















