১১ দলীয় নির্বাচনি ঐক্যের চূড়ান্ত আসন ঘোষণা, জামায়াত লড়বে ১৭৯ আসনে

- আপডেট সময় ০৯:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।
এর আগে বৃহস্পতিবার সকালে জোটের আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টার ওই বৈঠকে জামায়াতসহ মোট ১০টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। তবে বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৈঠকে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারীসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনি পরিবেশ এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্য আগামী নির্বাচনে একটি কার্যকর ও শক্তিশালী রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।




















