মহেশখালীতে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার

- আপডেট সময় ১০:০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ২১৯ বার পড়া হয়েছে
মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও টেকনাফ এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন ধলঘাটা উত্তর মুহুরি ঘোনা এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















