আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ

- আপডেট সময় ১১:২২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২৫৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর বুধবার (সকাল) তিনি ট্রাইব্যুনালে হাজির হন।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে তার মৃত্যুদণ্ডের কার্যকারিতা এক বছরের জন্য স্থগিত করার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের সুযোগ পান। এরই ধারাবাহিকতায় তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন।
এর আগে গত বছরের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে জারি করা এক আদেশে আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ওই আদেশে শর্ত দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের করতে হবে। আজ তার আত্মসমর্পণের মাধ্যমে সেই শর্ত পূরণ হলো।
উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ আবুল কালাম আজাদকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন।
আত্মসমর্পণের মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলায় নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















