টেকনাফের সাবরাংয়ে আবারও জামায়াত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারীর ব্যানার ছেঁড়ার অভিযোগ

- আপডেট সময় ১২:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২৬৪ বার পড়া হয়েছে
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফের সাবরাং ইউনিয়নে আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়ার মগপাড়া এলাকায় পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগ করেছেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহিম নূরী। তিনি তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, সাবরাং ৬নং ওয়ার্ডের নয়াপাড়ায় রাতের আঁধারে আবারও জামায়াত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারীর ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
পোস্টে আরও উল্লেখ করা হয়, শুধু ব্যানার ছেঁড়াই নয়—ব্যানার থেকে প্রার্থীর ছবি আলাদা করে দাঁড়ি ও টুপি কেটে দেওয়া হয়েছে, যা ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের ইঙ্গিত বহন করে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নির্বাচনী পরিবেশকে ভীতিকর করে তুলতেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। তারা দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।




















