ঈদগড়ে আলোচিত রুস্তম মেম্বার সহযোগী নাদিম শাহ আটক

- আপডেট সময় ০৮:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / ৪৬২ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি, স্বস্তিতে সীমান্ত জনপদের মানুষ
ঈদগড়ের আলোচিত রুস্তম মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী নাদিম শাহকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে। এ ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাইশারী, আলিক্ষ্যং, ঈদগড়সহ আশপাশের সীমান্ত জনপদের সাধারণ মানুষ।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাদিম শাহ এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের দাপট দেখিয়ে ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল।
যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানের সময় তার হেফাজত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্রের ধরন ও সংখ্যা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এলাকাবাসী জানান, নাদিম শাহের আটকের খবরে সীমান্ত এলাকার মানুষ অনেকটাই স্বস্তি অনুভব করছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ঈদগড় ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।















