নির্বাচন সামনে রেখে ন্যায় ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান —ড. হামিদুর রহমান আযাদ

- আপডেট সময় ০৮:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭৮ বার পড়া হয়েছে
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণদের আত্মত্যাগের অন্যতম কারণ ছিল মেধাবীদের যথাযথ মূল্যায়নের অভাব। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হলে মেধাবীদের সম্মান ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ইতিহাস প্রমাণ করে—বৈষম্য ও জুলুমের রাজনীতি টেকসই হয় না।”
তিনি আরও বলেন, কুতুবদিয়া ও মহেশখালীর দীর্ঘদিনের সমস্যা বেড়িবাঁধ, ফেরিঘাট সংকট ও শিক্ষক স্বল্পতা। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি লবণ আমদানি বন্ধ করে রপ্তানিমুখী নীতি গ্রহণ, ব্লু-ইকোনোমির বাস্তবায়ন এবং ডিপ সি-পোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে মহেশখালীকে একটি আধুনিক বাণিজ্যকেন্দ্রে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জাতীয় নির্বাচনে জনগণের সামনে আজ দুটি পথ খোলা—দুর্নীতি ও দখলদারির রাজনীতি, অথবা সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের সামনে পরিবর্তনের সুযোগ এসেছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভোটের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
বিশিষ্ট ইসলামী আলোচক আলী হাসান ওসামা বলেন, শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে নৈতিকতা ও মানবিকতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। তিনি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুল আমিন ও তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেনসহ ১১ দলীয় জোটের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা একটি সুশৃঙ্খল, মানবিক ও উন্নয়নমুখী উপকূলীয় অঞ্চল গঠনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।














