কক্সবাজার-৩ আসনে জামায়াতের শেষ গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত, উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার শহীদুল আলম বাহাদুরের

- আপডেট সময় ১০:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৯৬ বার পড়া হয়েছে
কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুরের নির্বাচনী শেষ গণমিছিল ও জনসভা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় জনসভাস্থল।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় রামু খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর। তিনি বলেন,
“শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নসহ জামায়াতের জাতীয় ও স্থানীয় ইশতিহার বাস্তবায়নে আমরা ব্যাপকভাবে সচেষ্ট থাকব। জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও জেলা বারের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ছলিম উল্লাহ বাহাদুর, খিলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মুসা, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর ছলিম উল্লাহ জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রামু উপজেলা জামায়াতের আমীর ফয়জুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুনের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।
পরে বিকাল ৪টায় ইলিয়াস মিয়া চৌং উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে আরেকটি জনসভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লার প্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাঈদুল ইসলাম।

রিয়াজ মুহাম্মাদ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও গণমিছিলে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, এনসিপি নেতা সাঈদ, এমইউ বাহাদুর, ঝিলংজা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, শিবিরের জেলা সেক্রেটারি আইয়ুব আনসারীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

দুইটি কর্মসূচিতেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।














