আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মহেশখালীতে বিএনপির প্রার্থীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ

- আপডেট সময় ০৭:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান মো. আশিকুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৮ ফেব্রুয়ারি সকালে ১১ দলীয় জোটের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের পক্ষে বড় মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাগিরাঘোনা এলাকায় কয়েকজন নারী কর্মী শান্তিপূর্ণভাবে ভোট প্রার্থনা করতে যান। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফিউল আলম তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. জাকির হোসাইন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি যাচাই-বাছাই শেষে কমিটি প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে, উক্ত ঘটনা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ৬(ক) ধারার লঙ্ঘনের শামিল।
নোটিশে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহেশখালী, কক্সবাজার কার্যালয়ে আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ অথবা তাঁর মনোনীত প্রতিনিধি এবং অভিযুক্ত মোহাম্মদ শফিউল আলমকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে কোনো শুনানি ছাড়াই বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ ছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।














