কক্সবাজার সদর হাসপাতালে অকার্যকর লিফট: অব্যবস্থাপনায় নারীর মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় ১০:২০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৪০৪ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে লিফট অকার্যকর থাকার অভিযোগের মধ্যেই লিফটসংক্রান্ত এক মর্মান্তিক ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে হাসপাতালটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজন ও সচেতন মহল।
একজন রোগীর আত্মীয় জানান, হাসপাতালের লিফটের দরজা দুইজনকে একসঙ্গে চাপ দিয়ে বন্ধ করতে হয়। অনেক সময় লিফটের অটো সুইচও ঠিকভাবে কাজ করে না—না সঠিকভাবে বন্ধ হয়, না চালু হয়। তিনি বলেন, “বিগত চার–পাঁচ মাস ধরে আমরা এই সমস্যা দেখে আসছি।”
আরেক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, লিফট ব্যবহারের সময় সার্বক্ষণিক কোনো লিফটম্যান থাকেন না। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক রোগীর স্বজন লিফট ব্যবহার সম্পর্কে অনভিজ্ঞ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে লিফটের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের অভিযোগ, এই অবহেলার ফলেই ওই নারীর অকালে প্রাণ ঝরে গেছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ (শনিবার) হাসপাতালের লিফটের নিচে অজ্ঞাতনামা এক নারীর চার দিন আগের পচা লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, লিফটসংক্রান্ত দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। পরে নারীটি কীভাবে মৃত্যুবরণ করেছেন, সে সম্পর্কিত সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার সচেতন মানুষ। একই সঙ্গে তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হাসপাতালের লিফটসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।














