উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ১১ কোটি ৪০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ০৯:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৩৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক ১১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৩,৮০,০০০ (তিন লক্ষ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, অদ্য ১৩ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর দিকে এবং বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৩৩০ ঘটিকায় ০৩ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ০২টি বস্তা ফেলে দ্রুত দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৩৮ কাট অর্থাৎ ৩,৮০,০০০ (তিন লক্ষ আশি হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
*লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি*
পরিচালক
অধিনায়ক
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)















