মহেশখালী-কুতুবদিয়াবাসিকে হামিদ আযাদের ঈদ শুভেচ্ছা

- আপডেট সময় ০১:০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৭৬ বার পড়া হয়েছে
মহেশখালী-কুতুবদিয়াবাসীসহ দেশবাসীকে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের ঈদুল আযহার শুভেচ্ছা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মহেশখালী-কুতুবদিয়ার সর্বস্তরের জনগণ ও বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই-বন্ধুসহ, প্রিয় দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতিটি সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় সাবেক এই সংসদ সদস্য বলেন, ঈদুল আযহা কেবলই একটি উৎসবের দিন নয়; এটি ত্যাগ, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর ঐতিহাসিক ত্যাগ আমাদের শেখায়—আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয়তম বস্তুকে উৎসর্গ করাই একজন মুমিনের আসল পরিচয়। রাসূলে কারীম (সা.) নিজে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতি বছর কোরবানি করতেন এবং নিজ হাতে পশু জবেহ করতেন।
ড. হামিদ আযাদ মহেশখালী-কুতুবদিয়ার আপামর জনসাধারণের উদ্দেশে বলেন, “আজকের এই দিনে আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে—কোরবানি যেন কেবল পশু জবেহর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না হয়ে পড়ে। পশুর গলায় ছুরি চালানোর পাশাপাশি আমাদের ভেতরের অহংকার, হিংসা, লোকদেখানো মানসিকতা ও স্বার্থপরতাকেও কোরবানি দিতে হবে।”
পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি মনে করিয়ে দেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় বান্দার তাকওয়া। তাই সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করাই হওয়া উচিত আমাদের মূল অঙ্গীকার।
তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “আমাদের চারপাশে অনেক মানুষ আজ নানা সংকটে দিনাতিপাত করছেন। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে, যখন সমাজের এই অসহায় মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাতে পারব।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কামনা করেন এবং ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রার জন্য দোয়া করেন।
পরিশেষে, ড. হামিদুর রহমান আযাদ মহান আল্লাহর দরবারে সবার কোরবানি কবুল করার প্রার্থনা করেন এবং প্রিয় মাতৃভূমিকে শান্তি, সমৃদ্ধি ও সম্প্রেীতিতে ভরিয়ে দিয়ে একটি জুলুমমুক্ত, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ার তৌফিক কামনা করেন।















