অবৈধ চেয়ারম্যান অপসারণ ও আমানতের সুরক্ষার দাবিতে ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা ও লিংক রোড শাখায় কলমবিরতির আহবান জানিয়ে গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি
আমানত সুরক্ষায় কলমবিরতি, অবস্থান কর্মসূচি

- আপডেট সময় ০৮:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৩৪৫ বার পড়া হয়েছে
অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, লুটেরা এস আলম ও ফ্যাসিস্টদের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কলমবিরতি পালন করেন।
এ উপলক্ষে সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে ইসলামী ব্যাংক কক্সবাজার লিংক রোড শাখার সামনে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, আমানতকারী ও স্থানীয় সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
কক্সবাজার ঝিলংজা সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক খাতকে সব ধরনের অনিয়ম ও প্রভাবমুক্ত রাখতে হবে। তারা গ্রাহকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।














