কক্সবাজার সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার ও লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উন্মুক্তের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় ০৭:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪২৩ বার পড়া হয়েছে
কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন এবং লাইফ সাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স সাধারণ রোগীদের সেবায় দ্রুত উন্মুক্ত করার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভয়েজ অব কক্সবাজার ভলান্টিয়ার্স’ সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সংগঠনের সদস্য সচিব জাকের হোছাইন বলেন, পর্যটন নগরী কক্সবাজারের সাধারণ মানুষ এবং বিপুল সংখ্যক পর্যটকের জরুরি স্বাস্থ্যসেবার জন্য জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকা অপরিহার্য। কিডনি রোগীদের জন্য নিয়মিত ডায়ালাইসিস অত্যন্ত জরুরি হলেও সরকারি হাসপাতালে এর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি, লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সগুলো রোগীদের কল্যাণে ব্যবহারের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবি জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে এসব সংকট বিদ্যমান থাকলেও তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে কক্সবাজার সদর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু এবং লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবার দ্বার উন্মুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকরা সংহতি প্রকাশ করে
অংশ নেন।














