আইনঙ্গনে ন্যায়বিচার নিশ্চিত ও হয়রানি রোধে ভূমিকা পালন করতে হবে: মাওঃ আনোয়ারী

- আপডেট সময় ০৯:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ২৮৪ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্যায় ও জুলুমের প্রতিকারে মানুষের শেষ আশ্রয়স্থল হলো আইনঙ্গন। যে দেশের আইনবিভাগ স্বাধীনভাবে বিচারিক কাজ পরিচালনা করতে পারে সে দেশে অন্যায়, জুলুম, হানাহানি ও সংঘাত অনেকটা শূন্যের কোটায় থাকে। আইনের শাসন নিশ্চিত হলে বঞ্চিত মানুষ তার অধিকার ফিরে পায়। সামাজিক অস্থিরতা ও সহিংসতা কমে আসে। আমরা এমন একটি আইনঙ্গন চাই যেখানে মানুষ তার পূর্ণ অধিকার ফিরে পাবে। যেখানে রাজনৈতিক বিবেচনায় ফায়সালা করা হবে না। যেখানে বিচারকরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারবেন। সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমন’ই একটি আইনঙ্গন দেশের মানুষের কাম্য। জামায়াতে ইসলামী সেই কাংখিত আইনঙ্গন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে আইনঙ্গন কে দলীয়করণ ও রাজনীতিকরণ করা হয়েছিল তার ক্ষত এখনো পরিপূর্ণভাবে সেরে উঠেনি। আমরা আশা করছি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের সেই স্বপ্ন বর্তমান সরকার পূরণ করবেন। তিনি সকল আইনজীবীদের আইনঙ্গনে ন্যায় বিচার নিশ্চিত ও হয়রানি রোধে ভূমিকা পালন করার আহ্বান জানান। ২৪ জুন বুধবার বিকেলে আইনজীবী শাখা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা নায়েবে আমীর ও আইনজীবী শাখা সভাপতি বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী। বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, আইনজীবী শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম ইব্রাহিম খলিল, সঞ্চালনা করেন অ্যাডভোকেট এ কে এম ফিরোজ আহমদ, কুর আন তেলাওয়াত করেন অ্যাডভোকেট জুবাইরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী,
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট সেলিম উল্লাহ, অ্যাডভোকেট দেলাওয়ার হোছাইন, অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলামসহ আইনজীবী শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
















