কক্সবাজারে যুব ফোরামের উদ্যোগে বন্যার্ত ১০০ পরিবারে ত্রাণ বিতরণ

- আপডেট সময় ১১:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
কক্সবাজারে সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব ফোরাম কক্সবাজার’। আজ (১৩ জুলাই) সংগঠনের উদ্যোগে চেইন্দার উত্তর পাড়া, হাড়ির মাথার নিচের অংশ এবং রাখাইন পাড়ার মোট ১০০ টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, গত ১২ জুলাই যুব ফোরামের একটি প্রতিনিধি দল উক্ত বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখার পাশাপাশি তাদের তাৎক্ষণিক কী কী প্রয়োজন (খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ), তা নিরূপণ করা হয়। সেই চাহিদার ওপর ভিত্তি করেই আজ এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন যুব ফোরাম কক্সবাজারের সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক নাছিমা আক্তার সহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোঃ ফারুক বলেন, “টানা অতিবৃষ্টির কারণে কক্সবাজারের বহু পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে চরম সংকটে পড়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয়তা নিরূপণ করেই আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি।”

সাধারণ সম্পাদক নাছিমা আক্তার বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় সমাজের সামর্থ্যবান ও অন্যান্য সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান। যুব ফোরামের সদস্যরা জানান, বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তাদের এই মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও পরিস্থিতি বিবেচনা করে অব্যাহত থাকবে।














