জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাদক নির্মূলে বিশেষ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫১ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মা দক নির্মূলে করণীয় নির্ধারণের লক্ষ্যে ‘মা দক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত বিশেষ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার শহরের হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে (হলরুম) এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে আসা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ আসনের এমপি ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রমুখ।
সভায় কক্সবাজার জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ, মাদক চোরাচালান রোধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




















