দায়িত্বশীল শিক্ষা বৈঠকে জেলা জামায়াতের আমীর আনোয়ারী
সংসদীয় ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে

- আপডেট সময় ১০:৫৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৭০ বার পড়া হয়েছে
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের ছাত্র-জনতা একাকার হয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল। জনরোষের ভয়ে আ’লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ডের নেতাকর্মী পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের দুই বছর পার হতে চললো এখনো দেশের মানুষ সুশাসন, নিরাপত্তা ও বৈষম্যহীন সমাজ পায়নি। সরকারি দলের নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশে বিদ্যুৎ, গ্যাস সংকটে পড়েছে। সরকার দলীয় সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংসদে এ সকল বিষয়ে সরকারের মন্ত্রীদের জবাবদিহিতার মুখোমুখি করলে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে দিচ্ছে না। আমরা মনে করি এটি গণতন্ত্রের নামে সংসদীয় ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা। দেশের মানুষ কখনো ফ্যাসিজম কায়েমের অপচেষ্টা মেনে নিবেন না।২৮ আগস্ট টেকনাফ উপজেলা সদর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নূরুল হোছাইন সিদ্দিকী, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, মাওলানা মোস্তাক আহমদ। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহীম নূরী।
















