টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকানো ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

- আপডেট সময় ০৬:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৮৩ বার পড়া হয়েছে
কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় আনুমানিক ৪২ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি জানায়, গত দুই সপ্তাহ ধরে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং টহল জোরদার করা হয়। এর আগে গত ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার অবরাং এলাকায় পাচারের চেষ্টাকালে তিন লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছিল।
বিজিবির তথ্যমতে, চোরাকারবারিরা রাতে সুবিধা করতে না পেরে বুধবার দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে হ্নীলা বিওপির সুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির বিশেষ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালালে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
৬৪ বিজিবি জানায়, এটি তাদের একক অভিযানে এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা উদ্ধারের ঘটনা।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বৃদ্ধির মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি কাজ করে যাচ্ছে।
বিজিবি আরও জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা এবং ২৪৩ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
















