সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি
তিন সাংবাদিকের বিরুদ্ধে চকরিয়ায় ১০ কোটি টাকার মানহানি মামলা

- আপডেট সময় ১০:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় প্রকাশিত সংবাদের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখা। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের সভাপতি আবুল মনসুর মো. মহসিন ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন।
মামলার আসামিরা হলেন—সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবরের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, সংগঠনের ক্রীড়া সম্পাদক ও দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক ও দৈনিক আলোকিত সকালের কক্সবাজার ব্যুরো এবং দৈনিক গণসংযোগের স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনান।
বিবৃতিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর জনৈক শাহেদুল মোস্তাফা সাংবাদিকদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা বলেন, আদালতে দেওয়া মুচলেকার কপি ও সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। তাই তথ্য ও নথির ভিত্তিতে সংবাদ প্রকাশকে তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ হিসেবে উল্লেখ করেন।
তারা আরও বলেন, কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী তার প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশে চাপ সৃষ্টির শামিল হতে পারে।
বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার দায়িত্ব পালন করেন। তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি বা চাপ প্রয়োগ কোনোভাবেই কাম্য নয়।
তারা অবিলম্বে তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



















