কক্সবাজারে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও মোবাইল চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

- আপডেট সময় ০৮:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের পূর্ব নতুন বাহারছড়া এলাকায় এক গৃহকর্মীর বিরুদ্ধে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত গৃহকর্মী রাফি মনি (১৫) কে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে চোরাই স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টার মধ্যে কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী আফরিনা আল মাছিন (৩৮) গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। অভিযোগ, এ সময় বাসার গৃহকর্মী রাফি মনি তাকে দুধ ও পানির সঙ্গে চেতনানাশক জাতীয় দ্রব্য সেবন করান। পরে বাসা থেকে এক জোড়া স্বর্ণের চুড়ি, দুটি আংটি, একটি চেইন-লকেটসহ প্রায় ৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার এবং একটি iPhone 16 ও একটি Oppo ফোন নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জকে জানানো হলে পুলিশের একাধিক অভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাফি মনিকে আটক করে। পরে তার দেওয়া তথ্য ও অভিযানের ভিত্তিতে চোরাই স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া কানফুল, একটি স্বর্ণের চেইন, একটি iPhone 16 এবং একটি Oppo Reno 8T মোবাইল ফোন।

গ্রেপ্তার রাফি মনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনারপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















