কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ৩৬ আসামি গ্রেপ্তার

- আপডেট সময় ১১:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিভিন্ন অপরাধে মোট ৩৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৪ জন চোর/ছিনতাইকারী, ১৫ জন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদক সেবনকারী এবং ৪ জন ধর্তব্য অপরাধে জড়িত আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চোর ও ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে মো. মবিন (২৭), মো. রবিউল করিম (২৮), মো. সাইফুল (২৪) ও রবিউল আলম (২৪)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ ২০০ লিটার, মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৩ জনকে। তাদের মধ্যে কক্সবাজার পৌরসভা, ঝিলংজা, খুরুশকুলসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন।

অন্যদিকে, ধর্তব্য অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—প্রসেনজিৎ শীল (২৪), গোবিন্দ শীল (৩৫), মো. আব্দুর শুকুর (২৪) ও মো. ফজল করিম (২২)।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















