চকরিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার

- আপডেট সময় ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ও কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা।
সোমবার (১৯ অক্টোবর) তাঁরা চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আজিজ ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা সংশ্লিষ্টদের।



















