চকরিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

- আপডেট সময় ১১:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারে থাকা চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও ১০ বছর বয়সী কিশোরী আয়েশা নিহত হয়। নিহতদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক আশিকুর রহমান (২৭) এবং নিহত ইসমত আরার ছেলে সম্রাট (৩০) আহত হন।

দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৮৮৮ এবং প্রাইভেট কারটির নম্বর চট্টগ্রাম মেট্রো-গ ১৩-৯৪৪২।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম।


















