সংগঠন যত বড় হবে, আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে: জাহিদুল ইসলাম

- আপডেট সময় ০৯:০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তর শাখার আমীর নির্বাচন উপলক্ষে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় উত্তর মহেশখালীর একটি হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সংগঠন যত বড় হবে, আদর্শিক ও নৈতিক ভিত্তি তত মজবুত করতে হবে। জামায়াতের শপথের কর্মীদের আদর্শিক প্রভাব সমাজে ফেলতে হবে। শুধু কথায় নয়, সার্বিক মুয়ামালাতের মাধ্যমে মানুষকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকটে দেশের আপামর জনসাধারণ উদ্বেগ-উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের পথে না গিয়ে সরকার দেশে সংকট সৃষ্টি করে রেখেছে। সৃষ্ট সংকট থেকে উত্তরণে সরকারের একগুঁয়েমি পরিহার করে সমঝোতার ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে হবে।
জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ে আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করতে হবে।
উপজেলা নায়েবে আমীর মাওলানা মুবিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা বশির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
এছাড়া সম্মেলনে কক্সবাজার শহর জামায়াতের দায়িত্বশীল কামরুল হাসান, উপজেলা কর্মপরিষদ সদস্যসহ পুরুষ ও মহিলা রুকনরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা আমীর নির্বাচনে রুকনরা ভোট প্রদান করেন।


















