উখিয়ায় ইয়াবা সংক্রান্ত বিরোধে প্রকাশ্যে গুলাগুলি

- আপডেট সময় ০৯:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার পালংখালীর বটতলী বাজারে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণভয়ে মুহূর্তেই দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয়দের দাবি, ইয়াবাসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি চালান এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত মুন্না।
প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি করার সময় মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন। তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল দেখা গেছে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জিসান ও শমসুকে নামে দুজনকে কিরিচ হাতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মুন্নাকে উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছেন।
গুলি করার ভিডিও প্রসঙ্গে জানতে চেয়ে অভিযুক্ত মুন্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। এতে গুলির অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য নিরপেক্ষভাবে জানা সম্ভব হয়নি।
মুন্নাকে আশ্রয়-পশ্রয় দেওযার অভিযোগ অস্বীকার করেছেন জয়নাল আবেদিন। তিনি বলেন, গুলিবর্ষণের ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম উচ্চারণ করা হয়েছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


















